ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে এ ব্যাপারে সরকারকে আলোচনার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সেইসঙ্গে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, “নির্দলীয় সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেবে না বিএনপি।”
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধান বিরোধী দলের এ অবস্থানের কথা জানান।
তিনি বলেন, “আমাদের একটাই দাবি- নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তা নাহলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।”
নির্দলীয় সরকার সম্পর্কে ক্ষমতাসীন দলকে আলোচনার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নামটি বলতে যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কথাটি বাদ দিতে আমাদের কোনো আপত্তি নেই।
“নির্দলীয় সরকার সম্পর্কে আপনারা যত তাড়াতাড়ি আলোচনা করবেন তত আগে দেশের মানুষ শান্তি পাবে। দেশের অর্থনীতি আরো ভালোর দিকে যাবে।”
এ আলোচনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এম কে আনোয়ার।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ নেতারা) একেকদিন একেক কথা বলেন, একেকজন একেক কথা বলেন। কেউ বলছেন আলোচনার কথা, কেউ বলছেন চোর ডাকাতের সঙ্গে আলোচনা করবেন না। তারপর আবার বলেছেন- নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় সে ব্যাপারে কথা বলা যাবে। আমরা কার কথা বিশ্বাস করবো।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির কঠিন কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকা প্রসঙ্গে আনোয়ার যুক্তি দেখিয়ে বলেন, এর কারণ হলো বিএনপি কোনো সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চায় না। আওয়ামী লীগ যে যুদ্ধ ঘোষণা করেছে সে যুদ্ধ আমরা করতে চাই না। আর যুদ্ধ হলে সে যুদ্ধ হবে জনগণের সঙ্গে আওয়ামী লীগের। সেই যুদ্ধে জনগণ জয়ী হবে। আর বিএনপি জনগণের সঙ্গেই থাকবে।
স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক পলাশীর ট্র্যাজেডি প্রেক্ষাপট এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও রফিক শিকদার , সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান ও মিসেস খালেদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহাবুবুল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/১৭৫৫ ঘ.
bdnews24