ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়- সংসদে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের বিএনপি দলীয় সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা একথা বলেন।
খোকন প্রশ্ন করেছিলেন- দেশে ্আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকা- বন্ধে বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না। আর করলে, সেই পদক্ষেপটি কী ?
বিরোধীদলীয় সাংসদের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি নিখোঁজ হলে বিষয়টি সংশ্লিষ্ট থানায় ক্ষেত্র বিশেষে জিডিভুক্ত করার বা মামলা হিসেবে গ্রহণের পর আইনের বিধান অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত চালানো হয়।
সংসদ নেতা আরো বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে সব সময় তৎপর। সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে বা প্রতিরোধে অনেক সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্তি প্রয়োগ এমনকি গুলি পর্যন্ত করতে হয়।
“এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রতিটি ক্ষেত্রে তদন্ত করে দেখা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা দাবি করেন, বিগত সরকারের আমলে গ্যাস সেক্টরে কোনো কাজ না হওয়ায় গ্যাস উৎপাদনে সীমাবদ্ধতা রয়েছে। সে জন্য বাধ্য হয়ে বর্তমান সরকারকে উচ্চ ব্যয়ে তরল জ্বালানি ডিজেল ও ফার্নেস অয়েলে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম হাতে নিতে হয়।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ২০০৯ সালে ফার্নেস অয়েলের দাম ছিলো ২৬ টাকা লিটার। এখন এই দাম দাঁড়িয়েছে ৬০ টাকা। এ কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে।
“তেলের মূল্য সমস্যা সমাধানে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। শিগগিরই সবগুলো বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। এতে রোজার আগেই লোডশেডিং এর অবস্থা সহনীয় পর্যায়ে চলে আসবে”, আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আশ্বাস দেন যে, ২০১৩ সাল থেকে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ যথেষ্ট হবে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে।
লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় পাঁচ হাজার ছয়শ’ মেগাওয়াট। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা গ্রীষ্মের তাপ প্রবাহকালীন সময়ে সাড়ে সাত হাজার মেগাওয়াট।
ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর তুলনায় অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য সেবা, শিক্ষা, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন দারিদ্র্য বিমোচনসহ সামগ্রিক জীবন যাত্রার মান বিচারে বাংলাদেশ অনেক এগিয়ে। তবে, শুধুমাত্র স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ এগিয়ে- এই বিবেচনায় গ্রীন ক্লাইমেট ফান্ডে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়নি।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, উন্নয়ন সহযোগী দেশের আর্থিক সহায়তায় গঠিত ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড’-এ এপর্যন্ত ১৭০ মিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা পাওয়া গেছে।
নওগাঁ-৪ আসনের সাংসদ মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “আমরা যাদের দরিদ্র বলি আসলে তারা মানবিক সত্ত্বায় ও আদর্শে দরিদ্র নয়। তাদের সবই আছে নেই অর্থ বা মূলধন।”
‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচির আওতায় সরকার কী কী করছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, “দরিদ্র মানুষকে আর মূলধনের জন্য এনজিওদের দ্বারস্থ হতে হবে না। ঋণের জ্বালায় বিক্রি করতে হবে না ভিটেমাটি, বউয়ের গয়না।”
স্থায়ী পুঁজি সৃষ্টি ও প্রশিক্ষণসহ জীবিকায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্তির এ প্রকল্প বিশ্বে একটি মডেল হিসেবে স্বীকৃতি পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24