কক্সবাজার, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে গ্রেপ্তার ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলামীর সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার কক্সবাজরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শাহেদুল করিমের আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয়।
তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি হয়নি। বুধবার এ ব্যাপারে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ।
সোমবার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে মিয়ানমারে রাখাইন-মুসলমান দাঙ্গা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের জামিন আবেদনের শুনানির পর কক্সবাজার মডেল থানা পুলিশ তিন দিনের হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদন করেন। তবে আদালত ওই আবেদনের শুনানি করেননি।
শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন থেকে আটক নেতারা হলেন ইসলামী ঐক্যজোটের জেলা সহ-সভাপতি মুফতি মাওলানা ইনামুল হক, সহ-সভাপতি আ. হ. ম. নুরুল কবির হিলালী, সহ-সভাপতি হাফেজ আবদুল হক, হ্নীলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, কাজী এরশাদুল্লাহ, হাফেজ আবু বকর ও ইসলামী ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক হাফেজ আবুল মনজুর।
কক্সবাজার মডেল থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে কোনো আদেশ পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, “রোহিঙ্গাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করায় ওই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে সব ধরনের কর্মসূচি সরকারিভাবেই নিষিদ্ধ রয়েছে।”
এ ব্যাপারে ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমারে মুসলিম নিধন এবং মানবাধিকার লংঘন বন্ধের দাবি সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরার জন্যই সংবাদ সম্মেলন করেন, উস্কানি দেওয়ার জন্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24