ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি শব্দের পরিবর্তন করে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার জন্য করা আবেদনের নিস্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এই আদেশ দেয়।
এতে বলা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এটা পুনর্বিবেচনা বা পরিবর্তনের সুযোগ নেই। তবে আদেশে তথ্য বা সংখ্যাগত বিভ্রান্তি থাকলে সেটা সংশোধন হতে পারে। কিন্তু পুনর্বিবেচনার নিয়মানুয়ায়ী এই আদেশ পুনর্বিবেচনা করার কোনো ভিত্তি নেই।
আদেশের দ্বিতীয় প্যারা থেকে যেসব স্থানে অষংড় শব্দটি রয়েছে সেগুলো ওহ অষঃবৎহধঃরাব দিয়ে প্রতিস্থাপন করে দেন ট্রাইব্যুনাল।
এর ফলে যেসব ঘটনায় কামারুজ্জামানকে একই সঙ্গে প্রধান অভিযুক্ত ও অপরাধ সংঘটনে সহযোগী বলা হয়েছিল সেসব ঘটনায় তাকে প্রধান আসামি হিসেবে অথবা সহযোগিতাকারী হিসেবে গণ্য করা হবে।
টেপা মিয়াসহ ৫ জনকে হত্যা প্রসঙ্গে
কামারুজ্জামানের বিরুদ্ধে যে ৭ ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছিল তার একটি হলো টেপা মিয়াসহ পাঁচজনকে হত্যা। ওই ঘটনায় কামারুজ্জামান উপস্থিত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছিল।
পুর্নবিবেচনার অদেশে আদালত বলেছে- ওই ঘটনায় ‘উপস্থিতির’ পরিবর্তে ‘নির্দেশে’ শব্দটি যোগ হবে।
একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্যকরাসহ মানবতাবিরোধী অপরাধের সাত ঘটনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে গত ৪ জুন অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় ২ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা।
প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কামারুজ্জামান জামায়াতে ইসলামীর ওই সময়ের ছাত্র সংগঠন ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি ২২ এপ্রিল জামালপুরের আশেক-মাহমুদ কলেজের ইসলামী ছাত্রসংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন।
এই বাহিনী বৃহত্তর ময়মনসিংহে (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও টাঙ্গাইল) গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ ঘটায় বলে অভিযোগ এনেছে প্রসিকিউশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭২৫ ঘ.
bdnews24