২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের রুলিংয়ে সঙ্কট নিরসন হয়েছে: সুরঞ্জিত

“স্পিকার অত্যন্ত সহনশীলতা, পরিমিতিবোধ, দূরদর্শিতা ও বিজ্ঞতার পরিচয় দিয়ে ঐতিহাসিক রুলিং দিয়েছেন,” বলেছেন বিচারকের অপসারণ চেয়ে প্রস্তাব উত্থাপনকারী এই সংসদ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যের ফলে সৃষ্ট সঙ্কটের সমাধান স্পিকারের রুলিংয়ের মধ্য দিয়ে হয়ে গেছে বলে মনে করছেন সুরঞ্জিত সেনগুপ্ত। হাই কোর্ট বিভাগের ওই বিচারকের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে তাকে অপসারণের প্রস্তাব উত্থাপনকারী এই সংসদ সদস্য মঙ্গলবার বলেছেন, “স্পিকার অত্যন্ত সহনশীলতা, পরিমিতিবোধ, দূরদর্শিতা ও বিজ্ঞতার পরিচয় দিয়ে এই ঐতিহাসিক রুলিং দিয়েছেন। “দেশে সৃষ্ট সাংবিধানিক সঙ্কট এই রুলিংয়ের মাধ্যমে নিরসন সম্ভব হয়েছে।” গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে ৫ জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বললে সেদিনই সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। সুরঞ্জিতসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ওই বিচারককে অপসারণে জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করে। এই প্রেক্ষাপটে স্পিকার আবদুল হামিদ সোমবার রুলিংয়ে এই বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্যদেরও তাদের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পুরো বিষয়টি সাংবিধানিকভাবে নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতির প্রতি আমাদের আস্থা আছে।” “আইনসভার স্পিকারের রুলিং মানতে আমরা সবাই বাধ্য। তার রুলিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে বিরোধ সমাধানের একটি পথ সৃষ্টি হল,” বলেন তিনি। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করেন। “মাতৃগর্ভ যত সুখেরই হোক না কেন, সেখানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আবারো অনির্বাচিত সরকারের ভয়ঙ্কর রূপ দেখতে চাই না।” তবে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, “সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।” তবে সেই আলোচনা সংসদেই করার মত জানিয়ে বিএনপিকে অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৬৩২ ঘ.