ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সম্পাদকদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বর নাগাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হতে পারে।
আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের বর্তমান কমিটির তিন বছর পূর্ণ হবে।
এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করা সম্ভব হচ্ছে না জানিয়ে হানিফ বলেন, “কাউন্সিল হতে পারে আগামী ডিসেম্বর নাগাদ।”
অবশ্য পরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “সম্মেলন ডিসেম্বরের আগে হবে না এমন নয়। যতো দ্রুত সম্ভব আমরা সম্মেলন আয়োজনের চেষ্টা করব।”
তৃণমূল পর্যায়ে দলকে ‘শক্তিশালী করতে’ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন করা হচ্ছে জানিয়ে হানিফ বৈঠকের পর বলেন, ইউনিয়ন পর্যায়ের ৬০ শতাংশ সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে।
“তৃণমূলে দলকে ঢেলে সাজানোর জন্য সাত বিভাগে দু’এক দিনের মধ্যে ১১টি কমিটি করা হবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপদেষ্টারা এই কমিটিতে থাকবেন। কমিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক”, বলেন তিনি।
সাংগঠনিক ‘বিভিন্ন সমস্যা’ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে হানিফ বলেন, “এসব সমস্যা সমাধানে দলীয় নেতাদের নির্দেশনা দেওয়া হবে। সকল বিভেদ দূর করে আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হতে চাই।”
তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং সংসদ সদস্যদের চিঠি পাঠিয়েছেন বলেও জানান হানিফ।
ক্ষমতাসীন দলের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুর্নবহালের কথা সরকার ভাবছে না। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিএনপির কোনো পরামর্শ থাকলে তারা সংসদে এসে তা জানাতে পারে।
“এর বাইরে কোনো দাবি থাকলে তা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কাছে বিবেচ্য বিষয় নয়”, বলেন হানিফ।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা আমাদের কথা আগেই বলেছি। কোনো অসাংবিধানিক বিষয় মেনে নিতে আমরা রাজি নই।”
ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির ‘সংগ্রাম কমিটি’ গঠন প্রসঙ্গে হানিফ বলেন, “তারা (বিএনপি) সংগ্রাম কমিটি করল কি করল না- তাও আমাদের বিষয় না।”
সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক, বীর বাহাদুর, প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেলিন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
২৩ জুন আওয়ামী লীগের ৬৩ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান হানিফ।
তিনি বলেন, ওই দিন সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে এবং সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
সকাল সোয়া ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শেখ হাসিনা বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন।
এছাড়া ২৩ জুন বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪০১ ঘ.
bdnews24