২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশুলিয়ায় ইন্ধন দিচ্ছে বিরোধী দল’

আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের অসন্তোষে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের অসন্তোষে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি রোববার সংসদে বলেন, “গার্মেন্টস শিল্পে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, তার সঙ্গে বিরোধী দল যুক্ত। বাংলাদেশের অর্থনীতির চাকাকে স্তব্ধ করতে গার্মেন্টসে নৈরাজ্যকর পরিস্থিতির সঙ্গে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।” “গার্মেন্টস শিল্প নিয়ে বিরোধী দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরা সে ষড়যন্ত্র রুখে দেব,”যোগ করেন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান। বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় এক সপ্তাহ ধরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ চলছে। অস্থিরতার কারণ দেখিয়ে রোববার থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে সব কারখানা বন্ধ করে দিয়েছে শিল্প মালিকরা। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে হাছান মাহমুদ টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানের সমালোচনাও করেন। “সরকারের ভুল না ধরলে নিজেদের পেশাগত উন্নতি হয় না বলেই টক’শোর অনেক আলোচক সমালোচনা করেন। তারা কিছু পারেন না। তারা শুধু মধ্যরাতে ভুল ধরতে পারেন,” মন্তব্য করেন তিনি। ‘অন্ধ সমালোচনা করে জাতিকে হতাশাগ্রস্ত’ না করতে সমালোচকদের প্রতি পরামর্শ দেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউএম/এমআই/২১২০ ঘ.