ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরেকটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড হচ্ছে, যা হবে বেসরকারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে রোববার বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বোর্ড অফ গভর্নর্সের সভায় রাঙ্গুনিয়া ইপিজেড অনুমোদন হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এই তথ্য সাংবাদিকদের জানান।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে ছিলেন।
বর্তমানে চট্টগ্রামে সরকারি দুটি ইপিজেড রয়েছে, এর একটি চট্টগ্রাম ইপিজেড এবং অন্যটি কর্ণফুলী ইপিজেড। বেসরকারি ইপিজেড রয়েছে একটি, তা হলো কোরিয়ান ইপিজেড।
প্রধানমন্ত্রী কোরিয়ান ইপিজেডের জন্য ৫০০ একর ভূমির ছাড়পত্র দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে প্রেসসচিব জানান।
কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষকে তাদের সার্বিক পরিকল্পনা সরকারের কাছে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী।
দেশে সরকারি অন্য ইপিজেডগুলো হচ্ছে- ঢাকা ইপিজেড, মংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, উত্তরা ইপিজেড ও আদমজী ইপিজেড।
দেশি ও বিদেশি বিনিয়োগ নিয়ে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে ইপিজেডগুলো গড়ে তোলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬৪৪ ঘ.
bdnews24