ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাফটকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন-নবী খান সোহেলসহ চারজনকে খিলগাঁওয়ে বাসচালক পোড়ানোর মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসার পর সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদেরকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতে চায় খিদমাহ হাসপাতালের সামনে গাড়ি চালক বদর উদ্দিনকে পুড়িয়ে মারার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মোখসেদুর রহমান।
মহানগর হাকিম হারুন অর রশিদ মামলার মামলার নথি আদালতে না থাকায় রিমান্ড শুনানির জন্য আগামী ২০ জুন তারিখ রাখেন।
আসামীদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার নথিটি অন্য আসামিদের জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।
হরতালের মামলায় এই চার নেতাসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা গত ১৬ মে ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। তখন তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/২২১২ ঘ.
bdnews24