রংপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকে জামিনে মুক্তি দেওয়ার পর আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে রোববার রংপুর জেলায় আধাবেলা হরতাল ডেকেছে রংপুর জেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল।
শুক্রবার বিএনপির এই তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে হরতালের এই ঘোষণা দেওয়া হয়।
রংপুর জেলা যুব দলের সভাপতি রইছ আহাম্মেদ বলেন, রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলায় অর্ধ দিবস হরতাল পালন করা হবে।
স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক আব্দুস সালাম বলেন, হাইকোর্টের জামিন পাওয়ার পর সরকার ১৮ দলের নেতাদের মুক্তি দিলেও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়।
“তাদের মুক্তির দাবিতেই আমরা হরতাল পালন করব”, বলেন তিনি।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ বিরোধী দলের নেতারা গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
হাইকোর্টের জামিন পেয়ে বৃহস্পতিবার রাতে তারা কারাগার থেকে বেরিয়ে এলেও সোহেল, টুকু, নিরব ও সপুকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়। একইভাবে তিন দিন আগে মুক্তির পরপরই গ্রেপ্তার হন আলিমুল ইসলাম আলীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪৪০ ঘ.
bdnews24