ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে দিকনির্দেশনা ও পর্যবেক্ষণ সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ওই বৈঠকে সাধারণ নাগরিকদের পরমাণু বিদ্যুৎ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বঙ্গবন্ধু নভো থিয়েটারে পারমাণু তথ্য কেন্দ্র স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নে দিক-নির্দেশনা ও পর্যবেক্ষণের জন্য জাতীয় কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গত বছরের দুই মার্চ।
এর আগে ২০১১ সালের দুই নভেম্বর পাবনা জেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে একটি ‘সহযোগিতা চুক্তি’ সই করে।
ওই চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ,জনশক্তি উন্নয়ন ও আইনি কাঠামো তৈরিসহ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে রুশ সরকার।
চুক্তির আওতায় রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে ১ হাজার মেগাওয়াটের দুটি ইউনিট থাকবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, প্রধানন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক- ই- ইলাহী চৌধুরী এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদসহ সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এইচএ/১৮৫৬ ঘ.
bdnews24