ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ আমলের মন্ত্রী, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এম এ মতিন মারা গেছেন।
মতিনের ব্যক্তিগত সহকারী মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে নিজের শান্তিনগরের বাসায় মারা যান এই চিকিৎসক ও রাজনীতিক।
এম এ মতিনের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এরশাদ আমলে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে তিনি ছিলেন নিষ্ক্রিয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু তার শ্যালক।
দুপুরে বারডেম হাসপাতালে মতিনের প্রথম জানাজা হয়। এতে বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অংশ নেন।
মতিনের মৃত্যুর খবর শুনে তার বন্ধুবান্ধব, রাজনীতিবিদ ও চিকিৎসকরা শান্তিনগরের বাসায় যান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ রাজনীতিবিদ, সাবেক সচিবরা বাসায় গিয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
মামুন জানান, বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য মতিনের আরেকটি জানাজা হবে। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বৃহস্পতিবার লন্ডন থেকে বড় ছেলে দেশে ফিরলে মতিনের মরদেহ সিরাজগঞ্জে নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানেই মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান মামুন।
রাজনীতিবিদ মতিনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
মতিন জিয়াউর রহমানের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এরশাদ জাতীয় পার্টি গঠন করলে তাতে যোগ দিয়ে দলটির প্রথম মহাসচিবের দায়িত্ব পান মতিন। এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। সর্বশেষ এরশাদ সরকারে উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি।
১৯৮৮ সালে এরশাদের জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে মতিন কয়েক বছর নিষ্ক্রিয় ছিলেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন ) নামে নতুন দল গঠন করে এর চেয়ারম্যান হন।
২০০১ সালের নির্বাচনে এম এ মতিন চারদলীয় জোটের ব্যানারে সিরাজগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।
এম এ মতিন ’৭৯, ’৮৬, ’৮৮, ’৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের সদস্য ছিলেন।
তিনি এশিয়া বিশ্ববিদ্যালয় নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি।
মতিনের স্ত্রী অধ্যাপিকা তাসনিমা মতিনও চিকিৎসক। তার বড় ছেলে এম এ মুকিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক। ছোট ছেলে এম এ মুহিত এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৬ ঘ.
bdnews24