ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২০ জুন দিন রেখেছে আদালত।
ঢাকার দ্রুত বিচার হাকিম আদালতের বিচারক মো. এরফান উল্লাহ বুধবার আদেশের এ দিন নির্ধারণ করেন।
এ মামলায় পলাতক জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদসহ চার জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে দুটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি এদিন আদালতে উপস্থাপন করা হয়।
গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুলসহ বিরোধী দলের ৪৩ জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এরপর ১০ মে ৪৬ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় তেজগাঁও থানা পুলিশ।
উচ্চ আদালতের নির্দেশে জোট নেতারা এ মামলায় জামিন চাইতে বিচারিক আদালতে গেলে দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ তা নাকচ করে গত ১৬ মে তাদের কারাগারে পাঠান।
অবশ্য ৭ জুন মির্জা ফখরুলসহ ৩০ নেতাকে এ মামলায় জামিন দেয় আদালত। বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যসহ মোট নয় জন জামিনে মুক্তি পেলেও বাকিরা এখনো কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24