২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ.লীগের আসনের আশা আরো কমবে’

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের সাফল্যের আশা ধীরে ধীরে ক্ষীণতর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের সাফল্যের আশা ধীরে ধীরে ক্ষীণতর হবে। বিএনপির এই সংসদ সদস্য মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, “২৩০ আসনের অধিকারী আপনারা (আওয়ামী লীগ) সাড়ে তিন বছরের মধ্যে ১৭০ আসনে নেমে এসেছেন। সেদিন বেশি দূরে নয়, এই সংখ্যা আরও কমে আসবে।” সোমবার আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে আগামী নির্বাচনের জন্য সাংসদদের প্রস্ততি নিতে নির্দেশ দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন আসনে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে জিতে আসা আসনের কমপক্ষে ১৭০টি বর্তমান প্রেক্ষাপটে ধরে রাখা সম্ভব হতে পারে। আওয়ামী লীগের সাংসদদের বরাত দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করে গণমাধ্যম। এই প্রসঙ্গ টেনে স্বাধীনতা ফোরামের মানবন্ধনে এম কে আনোয়ার বলেন, “বিভিন্ন এজেন্সির রিপোর্ট দেখে সরকার বুঝতে পেরেছে, তাদের অবস্থা কি। এখন তারা আগামী নির্বাচনে ১৭০ আসন ধরে রাখার কথা চিন্তা করছেন।” “সরকারকে বলব, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আসন সংখ্যা কতো কমবে, আমরা তা বলতে চাই না। কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি কি হবে- তার জন্য আপনারা এখন থেকেই প্রস্তুত হোন”, যোগ করেন এই বিএনপি নেতা। সোমবার বিএনপির গণসমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ এনে এম কে আনোয়ার বলেন,“এভাবে বাধা দিয়ে জনস্রোত ঠেকাতে পারেনি সরকার। সরকারকে বলব, জনতা ফুঁসে উঠেছে। এখনো সময় আছে, জনগণের কাতারে আসুন। জনগণের দাবি মেনে নিন। গণসমাবেশে বিএনপি চেযারপার্সন খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের জবাবে তিনি বলেন, “ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতা বলেছেন, বিরোধী দলীয় নেতা পিছু হটেছেন। এটা ঠিক নয়। দেশনেত্রী খালেদা জিয়ার পিছু হটার পাত্রী নন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে ইনশাল্লাহ আমরা আগামীতে অবরোধসহ কঠোর কর্মসূচি দেব।” নয়া পল্টনে ১৮ দলীয় জোটের ওই সমাবেশ থেকে নির্দলীয় সরকার পুনর্বহালে সরকারকে আরো সময় দিয়ে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন খালেদা জিয়া। এম কে আনোয়ার বলেন, “খালেদা জিয়া নন, আওয়ামী লীগ নেত্রীরই পিছু হটার ইতিহাস রয়েছে। ১৯৮৬ সালের চট্টগ্রামের লালদিঘীর ময়দানের স্বৈরাচারের অধীনে নির্বাচন না করার কথা বলে পরদিন তিনি ঢাকায় এসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। “আপনি (শেখ হাসিনা) স্বৈরাচার এরশাদের সংসদে কিছু আসন নিয়ে বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন। কিন্তু সেই সংসদও বেশি দিন টিকেনি। দুই বছরের মাথায় ওই সংসদ ভেঙে দেওয়া হয়।’’ সোমবার গণসমাবেশে ‘বাধা ও গণগ্রেপ্তারের’ প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা ফোরাম। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম দোলন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খালেদা ইয়াসমীন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১৫ ঘ.