মংমনসিংহ/গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় আটক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিনের আদেশ হলেও তার চার দিন পর মঙ্গলবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
নাজিম উদ্দিন আলম মুক্তি পেয়েছেন ময়মনসিংহ কারাগার থেকে। আর শফিউল আলম প্রধানকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান একই মামলার আসামি বিএনপি নেতা মির্জা আব্বাস ও ফজলুল হক মিলন।
ময়মনসিংহ কারাগারের সুপার শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনের নথিপত্র হাতে পেয়ে বেলা সোয়া ১১টার দিকে নাজিম উদ্দিন আলমকে মুক্তি দেওয়া হয়েছে।”
কারা ফটকে সাবেক এই সাংসদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার স্ত্রী শওকত আরা আলম ও বিএনপি নেতা কর্মীরা।
নাজিমউদ্দিন আলম এ সময় সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তারের পর ‘নির্যাতন ও হয়রানি’ করতেই তাকে ময়মনসিংহ কারাগারে রাখা হয়।
একজন সাবেক সাংসদ হিসেবে কারারে ডিভিশন দেয়ার কথা থাকলেও তাকে ‘কনডেমড’ সেলে রাখা হয় বলেও অভিযোগ করেন নাজিম উদ্দিন।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান কাশিমপুর থেকে মুক্তি পান বেলা সাড়ে ১১টার দিকে। মেয়ে ব্যরিস্টার তাসনিয়া প্রধান ও জাগপা নেতাকর্মীরা কারাগারের বাইরে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
কারাধ্যক্ষ আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে (সোমবার) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শফিউল আলম প্রধানের জামিনের কাগজপত্র আমাদের হাতে আসে। যাচাই বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
মুক্তি পাওয়ার পর শফিউল আলম প্রধান কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, “যেখানে দেশের দুর্ধর্ষ ডাকাত ও খুনিদের রাখা হয় আমাদের সেখানে রাখা হয়েছে। বাংলাদেশে এমন কোনো বন্দিশালা তৈরি হয়নি, যেখানে নেতাকর্মীদের আটকে রেখে চলমান আন্দোলনকে থামানো যাবে। আমরা গণতন্ত্র চাই, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।”
এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় একটি মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের ৩৫ জনের বেশি নেতাকে কারাগারে পাঠায় আদালত। পরে হাইকোর্ট থেকে জামিন পান তারা।
এ মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা গাজীপুর কাশিমপুর কারাগারে রয়েছেন। তাদের জামিন হলেও এখনো মুক্তি মেলেনি।
হরতালের মামলার আসামি বিরোধী সংসদ সদস্যরা এর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরআরডি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24