২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানা বাতিলের আবেদন জোট নেতাদের

সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের আদালতে হাজির করার পরোয়ানা বাতিলের আবেদনের ওপর ১৪ জুন আরো শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের আদালতে হাজির করার পরোয়ানা বাতিলের আবেদন করেছেন তাদের আইনজীবীরা। রোববার সকালে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন দাখিল করলে মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আক্তারুজ্জামান তা শুনে আরো শুনানির জন্য ১৪ জুন দিন রাখেন। শুনানিতে জোট নেতাদের পক্ষে শুনানি করেন মো. বোরহান উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার ও সানউল্লাহ মিয়া। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনায় ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে এ দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে বোমা বিস্ফোরণের মামলায় জোট নেতারা তদন্ত প্রতিবেদন হওয়া পর্যন্ত জামিন পেলেও গাড়ি পোড়ানোর মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টে গিয়ে ওই মামলাতেও জামিন পান বিরোধী দলের ৩৫ জ্যেষ্ঠ নেতা। কিন্তু এর আগেই গত ৩১ মে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা, যার গ্রহণযোগ্যতা নিয়ে ২৬ জুলাই শুনানির তারিখ রাখা হয়। জোট নেতাদের আইনজীবীরা শুনানিতে বলেন, অভিযোগপত্র গ্রহণ করার আগে আসামি বা রাষ্ট্রপক্ষের কোনো আবেদন দাখিলের নিয়ম নেই। কিন্তু হাই কোর্ট গত বৃহস্পতিবার অন্য মামলায় বিরোধী দলের নেতাদের জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষ হঠাৎ করেই বোমা বিস্ফোরণের মামলায় তাদের আদালতে হাজির করার পরোয়ানা জারির আবেদন করে বসেছে, যা উদ্দেশ্যমূলক বলেই মনে হয়। বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলায় ফখরুলসহ অন্য আসামিরা পুলিশের অভিযোগপত্র দায়ের করা পর্যন্ত জামিন পেয়েছিলেন। এ মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় তাদের নতুন করে জামিন চাইতে হবে”। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৫৫০ ঘ.