চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল নিয়ে ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে এ থেকে উত্তরণে সংলাপের পক্ষেই অভিমত এসেছে চট্টগ্রামের এক আলোচনা সভায়।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ওই আলোচনা সভার বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান জরুরি। কার্যকর সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব।
গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে এই সংকট আরো ঘনীভূত হবে বলে মনে করেন তারা।
‘গণতন্ত্র, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজক হিসেবে ছিল ‘শত নাগরিক’ নামে একটি সংগঠন।
আলোচনায় চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, এটি শুধু বিএনপি’র নয়, ষোল কোটি মানুষের দাবি।
শত নাগরিক চট্টগ্রাম শাখার আহ্বায়ক অধ্যাপক ড. হাসান মোহাম্মদের সভাপতিত্বে আলোচনায় তিনি নিজেই ধারণাপত্র উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, বিএফইউজে’র (একাংশ) সহ-সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫০ ঘ.
bdnews24