রাজবাড়ী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মাঝ রাতে এ ঘটনায় নিহতের নাম শফিকুল ইসলাম সুমন (২৫)। রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের বাসিন্দা সুমন রাজবাড়ী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
নিহতের বাবা মো. ফজলুল হক জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর এলাকার ওয়াপদার তিন রাস্তার মোড়ে সুমন হামলার শিকার হয়।
রাজবাড়ী বাজারে সুমনের একটি কাপড়ের দোকান রয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, সুমনের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে এজারহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পলিশ।
এই চারজন হলেন- অনিক, কাকন, মানিক ও মুক্তার।
সুমনের বাবা রাতেই রাজবাড়ী সদর থানায় আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬১৫ ঘ.
bdnews24