চাঁদপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচরে একই স্থানে জাতীয়তাবাদী যুবদলের বিবদমান দুই পক্ষ একই সময়ে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা বিআরডিবি মাঠ ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে এ ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম মজুমদার।
বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৩টায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি এবং যুবদলের অপর একটি অংশ ‘যুবসংগ্রাম কমিটি’ উপজেলা বিআরডিবি মাঠে যুব সমাবেশ আহ্বান করেছে।
যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এলাকায় মাইকিং করেছে।
হাইমচর থানার ওসি মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২৫ ঘ.
bdnews24