২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির তাগাদা

জনসভার জন্য স্থান ও মাইক ব্যবহারের অনুমতি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে সতর্ক করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসভার জন্য স্থান ও মাইক ব্যবহারের অনুমতি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে সতর্ক করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “আগামী সোমবার রাজধানীতে বিএনপির সমাবেশের জন্য জনসভার স্থান ও মাইক ব্যবহারের অনুমতি এখনো দেওয়া হয়নি। অবিলম্বে অনুমতি দেওয়া না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।” তিনি বলেন করেন, জাতীয় পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়া পল্টন সড়কে জনসভার অনুমতি চেয়ে গত ২৪ মে মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়। সৌন্দর্যবর্ধনের জন্য পল্টন ময়দানের অনুমতি দেওয়া যাবে না বলে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে। অন্য দুটি স্থানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। তরিকুল ইসলাম বলেন, “১১ জুন আমাদের সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে মাইক ব্যবহার ও স্থান ব্যবহারের অনুমতি দেবে।” ১১ জুনের সমাবেশ সামনে রেখে গঠিত ব্যবস্থাপনা উপ-কমিটির উদ্যোগে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। গত ১২ মার্চ নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া নির্দলীয় সরকাররের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে ১০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে ১১ জুন ঢাকার গণসমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশের অনুমতির চেয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ বিএনপির নেতারা বৃহস্পতিবার দুপুরে পুলিশের ঢাকা মহানগর কমিশনারের কার্যালয়ে যাবেন বলেও জানান তিনি। নাজমুল হুদা প্রসঙ্গ

বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরিকুল বলেন, “বঙ্গোপসাগরে অনেক পানি। সেই পানি থেকে ১০/১২ বালতি পানি উত্তোলন করলে বঙ্গোপসাগরের কিছু যায় আসে না। সেইভাবে কারো পদত্যাগে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের কোনো কিছু হবে না।”

খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ না জানানোয় বুধবার বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা, যাকে এর আগেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনীর হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ মহানগর ১৮ দলীয় জোটের নেতারা সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৩৫৫ ঘ.