২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক রক্ষা করব: খালেদা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গ্রামীণ ব্যাংক ‘ধ্বংসের খেলায়’ মেতেছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গ্রামীণ ব্যাংক ‘ধ্বংসের খেলায়’ মেতেছে দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক ‘রক্ষা’ করবে। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে বাজেট ভাবনা নিয়ে সুধী সমাবেশে তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বিএনপি চেয়ারপারসন বলেন, “ক্ষুদ্র ঋণের প্রবর্তক গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার বিজয়ের মাধ্যমে জাতির মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু ঈর্ষা ও হিংসার বশবর্তী হয়ে সরকার গ্রামীণ ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ধ্বংসের খেলায় মেতেছে।’’ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অপসারণে গত বছর সরকারের উদ্যোগের শুরু থেকে খালেদা জিয়া তার সমালোচনা করে আসছেন। অন্যদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবির মধ্যে ড. ইউনূস গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন করা দুস্কর। গ্রামীণ ব্যাংকে সরকারেরও অংশীদারিত্ব রয়েছে। তবে গত সপ্তাহে বিবৃতিতে ইউনূস বলেছিলেন, “গ্রামীণ ব্যাংকের আইন কাঠামোর পরিবর্তন করে সরকারের ভূমিকা বাড়ানো হলে এতে ব্যাংকটির ভবিষ্যৎ বিপন্ন হবে।” খালেদা জিয়া বলেন, “দারিদ্র্য মোচন ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে ৮৫ লাখ পরিবার জড়িত। এই ৮৫ লাখ দরিদ্র সদস্যের শতকরা ৯০ ভাগই নারী। তারাই ব্যাংকের শতকরা ৯৭ ভাগের মালিক।” “গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ ও দলীয়করণের সরকারি উদ্যোগ এসব নারীর ভাগ্য অনিশ্চিত করে তুলেছে,” বলেন তিনি। ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূস সরে যাওয়ার ১৪ মাস পর গত ১৬ মে অর্থ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংককে নিয়ে একটি কমিশন গঠন করেছে। ব্যাংকের অতীত পর্যালোচনা করে ভবিষ্যতের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্যের এই কমিশনকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএম/এসইউ/এমআই/১৭৫২ ঘ.