ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ট্রাইব্যুনাল থেকে মামলা স্থানান্তরের আবেদন জানিয়েছেন একাত্তরের যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি গোলাম আযম।
মঙ্গলবার তার আইনজীবীরা মামলা দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন করেন। বর্তমানে প্রথম ট্রাইব্যুনালে জামায়াতের মুক্তিযুদ্ধকালীন এই আমিরের বিচার চলছে। ওই ট্রাইব্যুনালেই আবেদনটি করা হয়।
গোলাম আযমের আশঙ্কা, প্রথম ট্রাইব্যুনালে তিনি সুবিচার পাবেন না। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
গোলাম আযমের কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, “যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এর আগে গোলাম আযমের বিরুদ্ধে রায় দেওয়া গণআদালতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাই আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিক কারণ রয়েছে।”
অবশ্য প্রসিকিউটার জেয়াদ আল মালুম বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রতা তৈরি করতেই আসামি পক্ষ এই ধরনের বিভিন্ন আবেদন করছে।
এর আগেও বিচারপতি নিজামুল হককে অপসারণের আবেদন ট্রাইব্যুনালে জানিয়েছিলেন যুদ্ধাপরাধে আটক জামায়াত নেতার আইনজীবীরা। তবে ট্রাইব্যুনাল ‘গ্রহণযোগ্য নয়’ জানিয়ে ওই আবেদন খারিজ করে দেয়।
গোলাম আযমের কৌঁসুলির জমা দেওয়া চারটি আবেদনের মধ্যে দুটি আদালত খারিজ করে দিয়েছে। মামলা স্থানান্তরের একটি আবেদনের শুনানি হয়েছে এবং তার অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
মানবতার বিরুদ্ধে পাঁচ ধরনের অভিযোগে অভিযুক্ত গোলাম আযম ১৯৭১ সালে জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের মাধ্যমে রাজাকার ও আল বদরের মতো পাক-সহযোগী সশস্ত্র বাহিনী গঠনে প্রধান ভূমিকা রাখেন।
২০১২ সালের ১১ জানুয়ারি গোলাম আযমকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩২৫ ঘ.
bdnews24