২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের জন্য জায়গা চেয়েছে বিএনপি

পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ১১ জুন এই সমাবেশ করতে চায় বিএনপি, যাতে খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ১১ জুন সমাবেশ করার জন্য তিনটি স্থানের অনুমতি চেয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। “১১ জুন সমাবেশের জন্য আমরা ওই তিন স্থানের যে কোনো একটি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এখনো অনুমতি পাওয়া না গেলেও আমরা আশাবাদী, সরকার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে। ১২ মার্চের মতো আচরণ তারা করবে না।” গত ১২ মার্চ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঢাকায় মহাসমাবেশ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে তিন মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি না মানলে ১১ জুন সমাবেশ করে নতুন কর্মসূচি দেবেন বলে জানান। ১২ মার্চের ওই সমাবেশ ঘিরে সরকার ব্যাপক কড়াকড়ি ও ধরপাকড় করলে রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হরতালের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী ১১ জুনের সমাবেশ সফল করতে মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরিকুল ইসলামের সভাপতিত্বে ১৮ দলীয় জোটের মহানগর পর্যায়ের সভা হয়। এই সমাবেশ সফল করতে শরিক জোটের নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতা চান তিনি। তরিকুল বলেন, “সরকারকে বলতে চাই- আর বিলম্ব না করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিন। দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করুন।” অন্যদের মধ্যে মহানগর বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, নজরুল ইসলাম মঞ্জু, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগরের এম এ কাইয়ুম, আবু সাইদ খান খোকন, আলী আজগর মাতব্বর, মহিলা দলের শিরিন সুলতানা, হাফেজ এম এ মালেক, শফিউল বারী বাবু, ছাত্র দলের শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল সভায় উপস্থিত ছিলেন। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর মুশফিকুল ইসলাম মাসুদ, মো. সেলিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবুল কাশেম, শেখ লোকমান হোসেন, এলডিপির খালেদ সাইফুল্লাহ, সৈয়দ মো, ইবরাহিম, জাগপার আসাদুর রহমান খান, সানাউল্লাহ সানু, কল্যাণ পার্টির নুরুল কবীর পিন্টু, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাপ এর শহীদ উন নবী ডাবলু, এনডিপির মো. ফরিদ উদ্দিন, লেবার পার্টির আহসান উল্লাহ শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৪০ ঘ.