ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ফের জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এর ওপর শুনানির জন্য ১২ জুন তারিখ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন।
একই সঙ্গে তার জামিনের আবেদনও নাকচ করেন তিনি।
খোকনের অন্যতম আইনজীবী মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের উপর আক্রমণ, ত্রাস সৃষ্টির মামলায় গ্রেপ্তার করা হয় খায়রুল কবির খোকনকে।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি এ মামলায় জামিন পেলেও মুক্তি পেয়ে বের হওয়ার সময় তাকে আবারো গ্রেপ্তার করা হয়।
গাড়ির চালককে পুড়িয়ে হত্যার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মোকছেদুর রহমান সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক খোকনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৫২ ঘ.
bdnews24