ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির দাবি, ঢাকার বিভিন্ন থানার ওসিরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোয়াক্কা করেন না।
ঢাকায় পুলিশ কর্তৃক বেশ কয়েকজন সাংবাদিককে পেটানোর ঘটনার মধ্যে রোবববার বাংলাদেশ প্রতিদিনে লেখা এক কলামে এই কথা বললেন রনি।
লেখায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সমালোচনাও করেছেন এর আগে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দেওয়া এই সংসদ সদস্য।
রনি বলেছেন, “ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদ কিংবা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির কি বলতে পারবেন, ঢাকা জেলা ও মহানগরীর সব ওসির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে? আমি বলব, নেই।”
নিয়ন্ত্রণ না থাকার কারণ হিসেবে তিনি লিখেছেন, “তারা সবাই গোপালগঞ্জ অথবা বৃহত্তর ফরিদপুরের বাসিন্দা। সবার ওপরই রয়েছে উঁচু মহলের আশীর্বাদ। আমার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। তাদের ভাবসাব দেখে মনে হয়, তারা আইজি বা ডিআইজিকে তেমন একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না।”
‘প্রধানমন্ত্রী কেন কলঙ্কের বোঝা বইবেন!’ শিরোনামের এই লেখায় পটুয়াখালীর এই সংসদ সদস্য দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সব সময় প্রধানমন্ত্রীর মুখাপেক্ষি হয়ে থাকেন।
“তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, তারা সব সময় প্রধানমন্ত্রীকে তাদের ডিটারজেন্ট পাউডার হিসেবে ব্যবহার করেন। যেখানেই তারা ব্যর্থতার পরিচয় দেন, সেখানেই প্রধানমন্ত্রীকে টেনে আনেন।”
“এ যাবৎকালের সব আলোচিত ব্যর্থতার জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রীকেই পরোক্ষভাবে দায়ী করেছেন। তারা সর্বদাই বলেন, এটা প্রধানমন্ত্রী দেখছেন; ওটা প্রধানমন্ত্রীর নজরে আছে; সেটা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন ইত্যাদি।”
“প্রধানমন্ত্রী যদি সব কিছু দেখবেন, তাহলে আপনারা আছেন কেন? কেন সরকারি বেতন নিচ্ছেন এবং মন্ত্রণালয়ের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছেন,” স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি প্রশ্ন এই সংসদ সদস্যের।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমালোচনা করে বলেন, “প্রতিমন্ত্রীকে আমি একদিন বলেছিলাম, সারা দিন আপনার এখানে বসে আপনাকে তো কোনো কাজ করতে দেখলাম না। মনে হচ্ছে, প্রতিমন্ত্রীর তেমন কোনো কাজ নেই। তিনি উত্তর করলেন, ‘তুমি ঠিকই বলেছ, এখানে করার মতো তেমন কাজ নেই’।”
এই প্রসঙ্গে চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ টেনে রনি বলেন, “অপ্রিয় হলেও সত্য, অসংখ্য সমালোচনা সত্ত্বেও লুৎফুজ্জামান বাবর পুলিশের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলেন। পুরো বাহিনী এবং মন্ত্রণালয় তার অনুগত ছিল। আওয়ামী লীগ সমর্থক পুলিশ কর্মকর্তারাই আমাকে এ কথা বলেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২৩৪৯ ঘ.
bdnews24