ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে ‘গুপ্তহত্যা’র বিষয়ক প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বৃহস্পতিবার সংসদের মৌখিক প্রশ্নে হোসেন মকবুল শাহরিয়ার গুপ্তহত্যা এবং অপহরণের হিসাব জানতে চেয়ে প্রশ্ন করলে মন্ত্রী শুধু অপহরণের হিসাব দেন। গুপ্তহত্যার বিষয়ে কোনো কথা বলেননি।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি গুপ্তহত্যা নিয়ে সমালোচনামুখর মানবাধিকার সংগঠনগুলো।
মকবুল শাহরিয়ার প্রশ্নে জানতে চেয়েছেন, গত এক বছরে কতগুলো গুপ্তহত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে এবং এতে আইনশৃঙ্খলা বহিনীর সফলতা ও ব্যর্থতা কী?
জবাবে মন্ত্রী জানান, গত এক বছরে (এপ্রিল ২০১২ পর্যন্ত) দেশে অপহরণের ঘটনায় ৬৩৩টি মামলা হয়েছে।
এই সব মামলার বিষয়ে তদন্তের মাধ্যমের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ২০১১ সালে ৪৯৬ জন ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২৩৪১ ঘ.
bdnews24