২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনে দায়ী সরকার: মাহবুব

দেশে সা¤প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সা¤প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে শান্তিশৃঙ্খলা বলতে কিছু নেই। সংবাদ সংস্থার কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা করছে। গণমাধ্যমের সাংবাদিকদের ওপর পুলিশ নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। “আমরা মনে করি, সরকারের নির্দেশে পুলিশ সাংবাদিকদের সঙ্গে এরূপ আচরণ করছে। এটা দেশের জন্য শুভ নয়,” বলেন বিএনপি নেতা। গত শনিবার আগারগাঁওয়ে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক পুলিশি নির্যাতনের শিকার হন। এরপর মঙ্গলবার আদালত চত্বরে হামলা হয় আরো তিন সাংবাদিকের ওপর। এর মধ্যে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দুই সাংবাদিক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘দেশ রক্ষা আন্দোলনের’ আলোচনা সভায় মাহবুব বলেন, “সর্বব্যাপী মহাসঙ্কট ও দুর্যোগের মধ্যে দেশ চলছে, কোথাও কোনো শান্তি নেই, সর্বত্র অস্থিরতা।” সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গণমাধ্যমকে দেশের গণতন্ত্রের ‘ওয়াচ ডগ’ বলা হয়ে থাকে। আজ সেই গণমাধ্যমের ওপর নির্যাতন হচ্ছে। আমরা মনে করি, সরকারের নির্দেশে পুলিশ এরকম আচরণ করছে।” সংঘর্ষস্থলে নিরাপদ দূরত্বে থাকতে সাংবাদিকদের প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পরামর্শের সমালোচনা করেন বিএনপি নেতা। জিয়াউর রহমানকে স্মরণ করে সাবেক এই সেনাপ্রধান বলেন, “তিনি বাংলাদেশের বিনির্মাণের পথিকৃৎ। প্রেসিডেন্ট জিয়া কখনোই প্রাসাদে বসে রাজনীতি করেননি। তিনি জনগণের কাছে গিয়ে রাজনীতি করেছেন।” সভায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সব প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। মন্ত্রীর বস্তাভর্তি ঘুষের কেলেঙ্কারির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে তারা সাদা সার্টিফিকেট দিয়েছে। সাড়ে তিন বছরে সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু দুদক তা দেখে না।” সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, এম সানোয়ার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫৫ ঘ.