২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি

গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় স্থানীয় নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

শেরপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় স্থানীয় নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। জেলা বিএনপি কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালাম। গত ১৭ মে সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আসামি করে একটি মামলা হয়। শেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বাদশা, শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান তারা, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ ও জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপনসহ নয়জনকে ওই মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। সংশ্লিষ্ট আদালতের উপপরিদর্শক মো. আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার দুপুরে নয় আসামি আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহার তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে আদালতের আদেশের পর শহরে কমপক্ষে ২০টি দোকান ও ১০টি গাড়ি ভাঙচুর করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করে। এ ছাড়া বিক্ষুব্ধদের ইটের আঘাতে আহত হন তিনজন, যাদের মধ্যে আবুল (৩০) নামে একজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২০ ঘ.