২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদেরের জামিন নাকচ

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ দেয়। সালাউদ্দিন কাদেরকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও ফিরিয়ে দিয়েছে আদালত। এছাড়া ক্ষমা চাওয়ায় এই বিএনপি নেতার আইনজীবী ফখরুল ইসলামকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদেরের জামিন আবেদন খারিজ করে বিচারক বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী তাকে জামিন দেওয়ার সুযোগ নেই। কেবল অসুস্থ হলেই কাউকে জামিন দেওয়া সম্ভব। আর সংসদে যোগ দেওয়ার জন্য সালাউদ্দিন কাদের যে আবেদন করেছেন- সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোনো আদেশ দেওয়া হবে না। ব্যারিস্টার ফখরুল ইসলামকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ট্রাইব্যুনাল বলেছে, এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জেরার সময় এবং পরে তাকে ‘মিথ্যুক’ বলায় ক্ষমা চেয়েছেন আসামির আইনজীবী। “ফখরুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও উচ্চশিক্ষিত মানুষ। তিনি আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করলেও ক্ষমা চাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না ট্রাইব্যুনাল”, বলেন বিচারপতি নিজামুল হক। ফখরুলকে সতর্ক করে দিয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম নির্বিঘœভাবে পরিচালনার জন্য সবার কাছে অনুরোধ করেন। গত ১৪ মে অধ্যাপক আনিসুজ্জামানকে জেরার সময় তাকে ‘মিথ্যুক’ বলেন ফখরুল। ট্রাইব্যুনাল তাকে যথাযথ ভাষা ব্যবহারের নির্দেশ দিলেও বাইরে গিয়ে সাংবাদিকদের কাছে একই কথা বলেন ফখরুল। এ কারণে পরদিন আদালত তাকে কারণ দর্শাতে বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২০১০ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ অক্টোবর এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত দল। ২৩টি সুনির্দিষ্ট আপরাধের ঘটনায় গত ৪ এপ্রিল অভিযোগ গঠন করে সালাউদ্দিন কাদেরের বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৫০ ঘ.