২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পেছাল জিয়া ট্রাস্ট মামলার শুনানি

খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনে বিচারক আগামী ১ জুলাই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির নতুন দিন ঠিক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পিছিয়েছে। এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির না হওয়ায় দ্বিতীয়বারের মতো এ শুনানি পেছাল। খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময় চেয়ে আবেদন করায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শুনানির জন্য আগামী ১ জুলাই নতুন দিন ঠিক করেন। সময়ের আবেদনে বলা হয়, “ইস্ট পাকিস্থান এসেম্বলি মেম্বার্স প্রিভিলেজেস অ্যক্ট ১৯৫৫ অনুযায়ী কোনো সাংসদ অধিবেশন চলার সাতদিন আগে তেকে ও ৭ দিন পরে পর্যন্ত যে কোনো আইনি পদক্ষেপ থেকে ছাড় পাবেন।” গত ২৯ এপ্রিল হরতালে দ্বিতীয় দফায় এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের এই মামলায় খালেদা জিয়ার পাশাপাশি আসামি করা হয়েছে তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা হারুনুর রশিদ। গত ১৬ জানুয়ারি তিনিই মামলার অভিযোগপত্র দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। অভিযোগপত্রে আরও বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৪৩ ঘ.