ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালে নির্দলীয় সরকার থাকবে- প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়ে সংলাপের পথ সৃষ্টি করতে পারেন বলে মনে করেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
সংলাপের মধ্যস্থতাকারী হিসেবে স্পিকার আবদুল হামিদের সম্মতি জানানোর প্রতিক্রিয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে মওদুদ বলেছেন, “আমরা মনে করি, সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকাই প্রধান। এখানে স্পিকারের কোনো ভূমিকা নেই।
“তাই প্রধানমন্ত্রীকে আগে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নয়া পল্টনে তিন দিনের পুস্তক প্রদর্শনী উদ্বোধন করে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
একদিন আগেই স্পিকার সংসদ অধিবেশনে বলেন, বিরোধী দল সংসদে এসে তাদের প্রস্তাব তুলে ধরলে তা নিয়ে আলোচনার উদ্যোগ নিতে পারেন তিনি। সেই আলোচনা সংসদ ভবনে অধিবেশন কক্ষের বাইরেও হতে পারে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে আপত্তি জানিয়ে মওদুদ বলেন, “তা না হলে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চলবে।”
নির্বাচনের সময় নির্বাচিত সরকার থাকলেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এই সময়কালের সরকারকে ‘অন্তর্বর্তীকালীন’ সরকার বলা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে।
বিরোধী দলকে “অন্তর্বর্তীকালীন সরকারের’ রূপরেখা নিয়ে সংলাপে বসতে ইতোমধ্যে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মওদুদ বলেন, “এটি সরকারের একটি রাজনৈতিক স্ট্যান্টবাজি। বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নেই। সৈয়দ আশরাফ একথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চান।”
“আমরা মনে করি, আগামী নির্বাচনের সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী সরকার কিংবা নিরপেক্ষ সরকার- যে নামেই ডাকা হোক না কেন, সেই সরকারটি অবশ্যই নির্দলীয় সরকার হতে হবে,” বলেন তিনি।
সরকার ও বিরোধী দলের বিপরীত অবস্থানের মধ্যে কূটনীতিক মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে। এরপর বিএনপিও বলে, নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে তারা সংলাপে রাজি।
তবে সংলাপে প্রধানমন্ত্রীর উপস্থিতি চেয়ে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রীকে রেখে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সংলাপে বিএনপি অংশ নেবে না। এরকম সংলাপে আমরা বিশ্বাস করি না।”
পুস্তক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতাদের পাশাপাশি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৪ ঘ.
bdnews24