২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদল আসলে সংসদে আসবে না: সুরঞ্জিত

সংসদে যোগ দেওয়ার কথা বলে জামিন নিলেও ১৮ দলীয় জোট সাংসদদের অধিবেশনে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দেওয়ার কথা বলে জামিন নিলেও ১৮ দলীয় জোট সাংসদদের অধিবেশনে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার এক আলোচনায় তিনি বলেন, “পার্লাামেন্টে অংশ নেওয়ার জন্য গতকাল যে পাঁচ সাংসদ জামিন নিয়েছেন, তারা কি আদৌ পার্লামেন্টে যাবেন? আমার মনে হয় তারা যাবেন না।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সকল আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে রোববার ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বিরোধী দলের সমালোচনা করে বলেন, “ক্ষমতায় থাকলেই তারা মনে করে দেশে গণতন্ত্র আছে, না থাকলে গণতন্ত্র নাই। তিন বছর ধরে তারা বলছেন সরকার পতন করবেন, টেনে হিঁচড়ে নামিয়ে দেবেন- এগুলো কি বন্ধুত্বের ভাষা?” সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের ধারা যুক্ত করা হয়েছে। তবে বিএনপি ও এর সমমনা দলগুলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, “সরকার ’৭২ এর সংবিধানে ফিরে গেছে। সংবিধানের বাইরে গিয়ে কোনো বিকল্প ব্যবস্থার আলোচনা সম্ভব নয়।” ২০১৩ সালের সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে স্বাধীন করে এ ক্ষমতা বাড়াতে সরকার সচেষ্ট বলেও উল্লেখ করেন তিনি। সুরঞ্জিত বলেন, “এখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা অসীম। অতীতে নির্বাচন কমিশন অর্থনৈতিকভাবে সরকারের মুখাপেক্ষি ছিল, এখন আর তা নেই। নির্বাচন কমিশন এখন শুধু সংবিধানের প্রতি দায়বদ্ধ।” “অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সংবিধানেই রয়েছে এবং এ প্রসঙ্গে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে এর পরও যদি বিকল্প কোনো প্রস্তাব থাকে তাহলে তা নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি,” বলেন সাবেক রেলমন্ত্রী। আলোচনা সভায় অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এএল/১৬৪৯ ঘ.