ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কারাবন্দি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তাকে কেন জামিন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন চেয়ে আবেদন করলে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চ এই আদেশ দেয়।
খোকাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না- এক সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে তা জানাতে বলা হয়েছে।
আদালতে খোকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
মওদুদ পরে সাংবাদিকদের বলেন, “আদালত অবিলম্বে তাকে (খোকা) বারডেম হাসপাতালে পাঠানোর জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। জামিনের বিষয়ে রুল জারি করেছেন। বারডেমের চিকিৎসকরা যদি অন্যত্র পাঠাতে বলেন, সেক্ষেত্রে আদালত নতুন আবেদন নিয়ে যেতে বলেছেন।”
রোববার একই মামলায় বিরোধী দলীয় জোটের পাঁচ সংসদ সদস্যকে জামিন দেয় হাই কোর্ট। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিষয়ে কেবল রুল জারি করা হয়।
জামিন পাওয়া পাঁচ সাংসদ হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। ওই রায়ের বিরুদ্ধেই রোববার হাই কোর্টে যান তারা।
রোববার জামিনের আবেদনকারী ৩৫ জনের মধ্যে ৩৪ জনের ব্যাপারে আদালত আদেশ দিলেও খোকার আইনজীবী অসুস্থতার কথা বলায় বিচারক বিষয়টি সোমবার শুনানির জন্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৫০ ঘ.
bdnews24