২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়াশোনায় কাটছে ফখরুলদের সময়

কাশিমপুর কারাগারে পড়াশোনা করেই সময় কাটছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধি গাজীপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাশিমপুর কারাগারে পড়াশোনা করেই সময় কাটছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের। বন্দি নেতাদের সঙ্গে দেখা করতে এসে শনিবার তাদের স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বই-পত্রিকা পড়ে তাদের সময় কাটছে। লোডশেডিং-ই প্রধান সমস্যা। বিরোধী দলের হরতালের সময় গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৩০ নেতাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন আত্মীয়। ফখরুলের ছোট মেয়ে মির্জা সাফারুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা ভালোই আছেন। এখানে আসার পর অসুস্থ হননি। বই-পত্রিকা পড়েই সময় কাটছে।” ডিভিশনপ্রাপ্ত বন্দিদের সব সুযোগ-সুবিধা পেলেও কারাগারে বিদ্যুৎ সংকটের কারণে তার বাবার কষ্ট হচ্ছে বলে জানান তিনি। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেতরেই হাঁটাহাঁটি করারও সুযোগ পান তিনি। হৃদরোগ ও ডায়াবেটিসের রোগী হলেও সেখানে ভালো আছেন তার বাবা, বলেন মারুফ। কাশিমপুর হাই-সিকিউরিটি প্রিজন সেলে বন্দি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি সফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, কারাগারে মাত্র দু’টি বাংলা ও একটি ইংরেজি খবরের কাগজ দেওয়া হয়। এ সংখ্যা আরো বাড়ানো দরকার। মির্জা ফকরুলের মেয়েসহ অন্য বন্দি নেতাদের স্বজনদের মতো তিনিও বলেন, কারাগারে খাবারদাবারে সমস্যা নেই। তবে, ২ নম্বর ইউনিটে বন্দি বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ’র ছোট ভাই আশিকুর রহমান শান্ত বলেন, কারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে আন্তরিক নয়। ভাইয়ের জন্য আনা শুকনো খাবার দিতে পারলেও চিকেন ফ্রাই দিতে দেয়নি কর্তৃপক্ষ। তবে এরইমধ্যে আন্দালিবসহ পাঁচ সংসদ সদস্যকে রোববার ছয় সপ্তাহের অন্তর্বতীকালীন জামিন দিয়েছে আদালত। কারাধ্যক্ষ সুভাষ ঘোষ সাহা বলেন, কারাগারে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং ডুয়েল ফিডার লাইনের জন্য আবেদন করা হয়েছে। তিনি জানান, কারাগারে জেনারেটর থাকলেও জ্বালানি না থাকায় জেনারেটর বন্ধ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০৯ ঘ.