২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের আশায় ফের হাই কোর্টে ফখরুলরা

দুপুরে জামিন আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন ১৮ দলীয় জোট নেতাদের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন চাইতে আবারো হাই কোর্টে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতারা। মহানগর দায়রা জজ আদালত গত ২৩ মে জোটের ৩৩ নেতার জামিন আবেদন নাকচ করে যে আদেশ দিয়েছিল- তার বিরুদ্ধেই হাই কোর্টে আবেদন করেছেন তারা। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতনও রয়েছেন জামিন আবেদনকারীদের মধ্যে। রয়েছেন হাই কোর্টের জামিনের মেয়াদ শেষে কারাগারে যাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও। বিরোধী দলের নেতাদের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও মওদুদ আহমদ রোববার সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহাসানের আদালতে জামিনের আবেদন উপস্থাপন করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন জানান, আদালত বেলা ২টায় শুনানির সময় নির্ধারণ করেছে। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক। ফখরুলসহ জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। এই মামলায় কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানও কারাগারে রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতনকে আগেই এ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মাহাবুবউদ্দিন খোকন উচ্চ আদালতের জামিন পেলেও মেয়াদ শেষে তাকেও কারাগারে পাঠায় বিচারিক আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১১২ ঘ.