২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ থাকলে গণঅভ্যুত্থান: তরিকুল

আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। নইলে গণঅভ্যুত্থান হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। নইলে গণঅভ্যুত্থান হবে। শনিবার বিকালে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির এই সদস্য এ কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ নেতাদের মুক্তি ও নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শনিবার গণভবনে দলের মেহেরপুরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, “আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে। বর্তমান সরকার ৫ হাজার ১৭৫টি নির্বাচন যখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পেরেছে, তাহলে জাতীয় নির্বাচনও অবশ্যই করতে পারবে।” সংবিধান সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক পদ্ধতি বিলোপ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন নির্বাচিত অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে বিরোধী দল নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। তরিকুল দা্িব করেন, সারাদেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। কেবল আওয়ামী লীগ তা চায় না। কারণ তারা নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। “আওয়ামী লীগকে আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।’’ তিনি বলেন, প্রধানমন্ত্রী ৫ হাজার ১৭৫টি নির্বাচন সুষ্ঠু করার যে দাবি করেছেন, তা স্থানীয় সরকার নির্বাচন ছিলো। এই সরকারের আমলে ভোলা ও ব্রাহ্মণবাড়ীয়ায় দুটি উপনির্বাচন হয়েছে। ওই দুইটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা বুকে হাত দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) বলুন। সংগঠনের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে¡ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসবি উল্লহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহানগনগর সদস্য সচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৭ ঘ.