রাজশাহী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের এক নেতাসহ চারজনকে আটক করেছে র্যাব।
এ সময় ওই চার জনের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলেও র্যাব দাবি করেছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ রাজশাহীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মানসুরুন মাহদীন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় ‘গোপন বৈঠক’ করার সময় চারজনকে আটক করা হয়।
এরা হলেন- হিজবুত তাহরিরের রাজশাহী আঞ্চলের কমান্ডার ওমর ফারুক, মেহেদী হাসান, মো. মনিরুল ইসলাম ও মো. তহুরুল ইসলাম।
লেফটেন্যান্ট মাহদীন বলেন, রানীহাটি এলাকায় একটি বাড়িতে হিজবুত তাহরিরের বৈঠকের খবর পেয়ে রাত ১টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। সেখান থেকে ফারুক এবং বাকি তিনজনকে আটক করা হয়।
র্যাব জানায়, ফারুক, মনিরুল ও তহুরুল চাঁপাইনবানগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। ফারুক একজন দাঁতের চিকিৎসক, মনিরুল পল্লী চিকিৎসক, তহুরুল একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন এবং মেহেদী ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র।
মেহেদীই ঢাকা থেকে জঙ্গি বই ও প্রচারপত্র রাজশাহী এলাকায় সরবরাহ করতো বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব কর্মকর্তা মাহদীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩১২ ঘ.
bdnews24