২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন কার অধীনে, তা ঠিক করবে রাজনীতিকরা’

নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সংবিধানে যে আইন থাকবে তাই মেনে নির্বাচন করবে, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ জানিয়েছেন, এক্ষেত্রে তাদের ভূমিকা রাখার সুযোগ নেই। “আগামী সংসদ নির্বাচন কার অধীনে হবে, তা দেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে,” বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের বলেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনরায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে হুমকি দিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি বারবারই প্রত্যাখ্যান করছে ক্ষমতাসীন দল। সিইসি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনকালীন সময়ে সংবিধানে যে আইন থাকবে, তাই মেনে নির্বাচন করবে।” সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন নিয়ে কথা বলেন কাজী রকিব। আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কূটনীতিকরা দুই প্রধান রাজনৈতিক দলের সংলাপের ওপর জোর দিচ্ছে। যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ মাসের শুরুতে সফরে এসেও একই কথা বলেন। কাজী রকিব বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাবে বলে আশা করি।” তিনি জানান, ২০১৩ সালের শেষ কিংবা ২০১৪ সালের শুরুতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে। সিলেটের এই কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমসহ সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকরা ছিলেন। সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর মূল্যায়ন এবং পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা ও দ্ইু বছর মেয়াদী কর্মপরিকল্পনা বিষয়ে দিনব্যাপী এই কর্মশালা হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.