ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিচার বিভাগ ও আদালতকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আমাদের দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনকে হাই কোর্ট আগাম জামিন দিয়েছেন। কিন্তু নিম্ন আদালত সরকারের নির্দেশে উচ্চ আদালতের ওই জামিন বাতিল করে দিয়েছে। এভাবে সরকার বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করছে।”
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বেঁধে দেওয়া ১০ জুনের মধ্যে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
“সরকারকে বলব, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার-হয়রানি ও গুম-হত্যার মতো নির্যাতন বন্ধ করুন। ১০ জুনের আগেই আমাদের নেতাদের মুক্তি দিন।”
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপির সাংসদ মাবুব উদ্দিন খোকন ওই মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে খোকন সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক তা খারিজ করে তাকে কারাগারে পাঠান।
জোটের এই নেতাদের মুক্তির দাবিতেই বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে।
জয়নুল আবদিন ফারুক মানববন্ধনে বলেন, “সরকারকে অনুরোধ জানাব, দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। আমরা শান্তি চাই, সংঘাত চাই না। দয়া করে আসন্ন সংসদ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল নিয়ে আসুন।”
তিনি বলেন, সরকার সংসদে বিল আনার ঘোষণা দিলেই বিএনপি যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত আছে।
আগামী ২৭ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর এম এম মেহবুব রহমান বক্তব্য রাখেন।
‘সরকারের কৌশল বুমেরাং হবে’
জোট নেতাদের মুক্তির দাবিতে ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন করে।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “নেতাদের গ্রেপ্তার করার যে কৌশল সরকার নিয়েছে, তা কখনো সফল হবে না। বুমেরাং হবে। এভাবে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।”
আইনি লড়াইয়ের মাধ্যমে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা শিগগিরই কারাগার থেকে বেরিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন মওদুদ।
“তবে এর চূড়ান্ত ফয়সালা হবে রাজপথেই”, যোগ করেন তিনি।
এই মানববন্ধনে দাউদকান্দির কারাবন্দি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক আ ন হ এহছানুল হক মিলন, সাংস্কৃতিক বিষয়ক সস্পাদক গাজী মাজহারুল আনোয়ারসহ দাউদকান্দির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩০ ঘ.
bdnews24