মঈনুল হক চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীর লাশ উদ্ধারের পর সংসদ সদস্যদের অফিস হিসেবে বরাদ্দ দেওয়া পুরানো এমপি হোস্টেলে দর্শনার্থী ঢোকার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
রাত সাড়ে ১০টার পরে কোনো দর্শনার্থীকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমদ।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এছাড়াও আরো কিছু কড়া নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তা অনুসরণের জন্য সংসদ সদস্যদের চিঠি পাঠানো হচ্ছে।
অতিরিক্ত সচিব বলেন, “ওই হোস্টেলে কেউ রাতযাপন করতে পারবেন না, রাত সাড়ে ১০টার পর কোনো দর্শনার্থী পাওয়া গেলে তাৎক্ষণিক নিকটবর্তী থানায় সোপর্দ করা হবে।”
এমপি হোস্টেল ও মন্ত্রী হোস্টেলে বরাদ্দ করা অফিস কক্ষগুলোতে রাত সাড়ে ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
গত ২২ এপ্রিল সংসদ ভবনে এমপি হোস্টেলে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার হয়। আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারী পেটে কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে।
এরপর স্পিকার আবদুল হামিদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েকদফা বৈঠক করেন। পরে সংসদ সদস্যদের কাছে ওই নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানোর নির্দেশ দেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, ওই ঘটনার পর রাষ্ট্রপরিচালনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে।
সংসদ সদস্যদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শেরেবাংলা নগর সংলগ্ন এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লক সংলগ্ন প্রধান ফটক সার্বক্ষণিক বন্ধ থাকবে। সংসদ ভবন এলাকায় ঢোকা ও বের হওয়ার জন্য শুধু আসাদ গেইট, মানিক মিয়া এভিনিউ ও মনিপুরী পাড়া সংলগ্ন ফটক খোলা থাকবে।
প্রত্যেক দর্শনাথীকে প্রয়োজনীয় তথ্য লিখে পাস সংগ্রহ করে ঢুকতে হবে এবং ঢোকার পর একই ফটক দিয়ে বের হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৫২ ঘ.
bdnews24