রাঙামাটি, মে ২০ (বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরে বোমা বিস্ফোরণে বাসযাত্রী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বাসটির চালকের সহকারীও আহত হন।
কল্যাণপুরে রোববার বিকালে এ ঘটনায় আহতদের মধ্যে ছয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ পিসিপির নেতার্কীরা শহরে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা রাঙামাটি হাসপাতালে আহতদের দেখতে যান।
তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মাসুদ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান প্রমুখ।
পিসিপির সাবেক সভাপতি এবং জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ উদয়ন ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের তিন দিনব্যাপী কেন্দ্রীয় সন্মেলন শুরু হয়।
সকালে শহরের জিনেসিয়াম চত্বরে সন্মেলন উদ্ধোধন করেন সন্তু লারমা।
অনুষ্ঠান শেষে বিকালে কাপ্তাই উপজেলা থেকে আসা পিসিপি নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন। শহরের কল্যাণপুরে একটি পেট্রোল পাম্পে বাসটি নিয়ে তারা আরো কয়েকজনের জন্য অপেক্ষা করছিলেন।
ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় আসা কয়েকজন যুবক বাসটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
আহতরা হলেন কামনাশীষ চাকমা (২১), জনি চাকমা (২০), রনেল চাকমা (২৮), কমলেশ চাকমা (৩০), কুশল চাকমা, নিপুন চাকমা (২৫), জীবন চাকমা (২৫), ভূষণ চাকমা (৩৮), বাবুধন চাকমা (২৫), ছাইনু প্র“ মারমা, আয়সিং মারমা, মংসাসিং মারমা (১৮), কূল প্রদীপ চাকমা এবং বাস চালকের সহকারী মো. বেলাল।
রাঙামাটির সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, পার্বত্য চুক্তির পক্ষের শক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এই বোমা হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় চুক্তি বিরোধী ইউপিডিএফকে জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
ইউপিডিএফ’র মুখপাত্র মাইকেল চাকমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, পিসিপি নেতাদের নিজেরাই বয়ে নিয়ে যাওয়া বোমার বিস্ফোরণ কিনা তা তদন্ত করা দরকার।
এদিকে ঘটনার পর বিক্ষুদ্ধ পিসিপি নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাজবাড়ী ও কল্যাণপুরে অবরোধ করে। এতে সড়কে কয়েক শ’ যানবাহন আটরা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, হাতে তৈরি একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। বিষয়টি তদন্ত করতে চট্টগ্রাম সিআইডির বোমা বিশেষজ্ঞরা রাঙামাটি আসবে। পুলিশ আলামত সংগ্রহ করে রেখেছে।
বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24