ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে অনির্বাচিতদের ক্ষমতা দখলের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপে বিরোধী দলের সমালোচনার মধ্যে রোববার চুয়াডাঙ্গা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।
গণভবনে এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, অনির্বাচিত কেউ যেন ক্ষমতা দখল করতে না পারে, সে জন্য সংবিধান সংশোধন করে সেফটি ক্লজ বসিয়েছি।”
প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববারও বলেছেন, “আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। প্রধানমন্ত্রীও বলছেন, “অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।”
বর্তমান সরকারের সময়ে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমাদের এই তিন বছরে সারাদেশের প্রায় ৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবকয়টি নির্বাচনই সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে।
“আওয়ামী লীগ সরকারের আমল বলেই এটা সম্ভব হয়েছে। কারণ আওয়ামী লীগ জনগণের ভোট চুরিতে বিশ্বাস করে না।”
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতারোহনের জন্য বিএনপিকে দায়ী করে শেখ হাসিনা বলেন, “বিএনপি ২০০১ এর পর ভোট চুরির জন্য সব আয়োজন করেছিল। ভোট চুরির কারসাজিতেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল।”
বিরোধী দলের আন্দোলন যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য- এই দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা এতিমদের টাকা মেরে খেয়েছে, তাদের বিচার হবেই।”
বিরোধী দলের ৩৩ নেতা কারাবন্দি হওয়ার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “সাংবাদিকদের জানা উচিত, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগের সব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি আমাদের ৪০ জনকে একসঙ্গে বন্দি করা হয়। ওই সময় চোখ বেঁধে তাদের ওপর অত্যাচার করা হয়।”
১৯৯১ সালে স্বৈরাচারের পতনের পর এইচ এম এরশাদ, রওশন এরশাদ, জিনাত হোসেন, আনোয়ার হোসেন মঞ্জুসহ জাতীয় পার্টির সব নেতাদের আটকের তথ্যও তুলে ধরে শেখ হাসিনা।
বিএনপির সেই শাসনামলের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপির অত্যাচারের হাত থেকে শহীদ জননী জাহানারা ইমাম পর্যন্ত রেহাই পাননি। রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ তাকে পিটিয়েছিল।”
“একথা সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তিরা ভুলে গেছেন,” বলেন তিনি।
এই প্রসঙ্গে বিএনপি নেতা মওদুদ আহমদের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিরোধী দলের এক নেতা, যিনি কি না রাষ্ট্রপতির ক্ষমতায় ক্ষমাপ্রাপ্ত। কখনো এদিক, কখনো ওদিক করে বেড়ান, যার নাম নিতে আমার রুচিতে বাধে; তিনি বলেছেন, এত নেতাকে নাকি অতীতে গ্রেপ্তার হতে তিনি দেখেননি।”
সরকারের তিন বছরের সফলতা জনগণের কাছে তুলে ধরতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
“আমাদের সরকার দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছে। তিন বছরে আমরা দারিদ্র্য ১০ শতাংশ কমিয়েছি। বাংলাদেশের ভাবমূর্তি এখন বিশ্বে আগের চেয়ে অনেক উন্নত,” বলেন তিনি।
এই মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৫ ঘ.
bdnews24