২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ১৪ নেতাকে ডিভিশন

হরতালের মামলায় কারাবন্দি বিরোধী দলের ৩৩ নেতার মধ্যে ১৪ জন ডিভিশন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় কারাবন্দি বিরোধী দলের ৩৩ নেতার মধ্যে ১৪ জন ডিভিশন পেয়েছেন। বুধবার দুপুরে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বিকালে তাদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিভিশনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কাঁঠালীচাপা সেলে রাখা হয়েছে। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমকে চম্পাকলি সেলে রাখা হয়েছে বলে জানান কারাধ্যক্ষ। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। মামলা দায়েরের এক সপ্তাহের মাথায় তেজগাঁও থানা পুলিশ গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে ফখরুলসহ ৩৪ জন আগাম জামিনের আবেদন করলে বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর বিষয়টি তৃতীয় বেঞ্চে গেলে গত ১৩ মে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ ১৬ মের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জমান রতনকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে আরেক যুগ্ম মহাসচিব মাহাবুবউদ্দিন খোকন জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/সিএস/এমআই/২১৫৫ ঘ.