ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২০ মে জেলায় জেলায় গণঅনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার রাতে খালেদা জিয়া সভাপতিত্বে জোট নেতাদের বৈঠকে এটিসহ তিন দিনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ।
ইলিয়াস আলীর সন্ধান দাবিসহ গুম-হত্যার প্রতিবাদে ২০ মে ১৮ দলীয় জোট দেশের সব জেলায় অনশন করবে। ২৭ দিন ধরে নিখোঁজ ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ বিএনপির।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা এবং জোটের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৭ মে সারাদেশে বিক্ষোভ করবে ১৮ দল।
সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান যোগ করার দাবি বিরোধী দল করে আসছে। আগামী ১০ জুনের মধ্যে দাবি মেনে নিয়ে সময় বেঁধে দিয়ে বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে বলেছেন, তা না হলে সরকার পতনের আন্দোলন করবেন তারা।
১৮ দলীয় জোটের বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, বিদ্যুৎ সমস্যাসহ জনদুর্ভোগ অবসানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর রাত সোয়া ১০টার দিকে গুলশানে নিজের কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা। সোয়া এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হয়।
১৮ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি বলেন, “বিরোধী দল প্রতিহিংসা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগনের দুর্ভোগ ও সমস্যার সমাধান চাই। এই লক্ষ্যে আমরা কর্মসূচি চূড়ান্ত করেছি।”
ইলিয়াসের সন্ধান এবং হরতালের ঘটনায় কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিকালে ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমাবেশ করে।
এদিন গণমিছিলের কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় তা হয়নি। ওই কর্মসূচির পর রাতেই প্রথমে দলের নীতি-নির্ধারক এবং পরে জোট নেতাদের সঙ্গে দুটি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।
অলি আহমদ বলেন, “সরকার দমননীতির মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে রোববার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তারা বিরোধী দলকে উচ্ছৃঙ্খল হওয়ার উস্কানি দিচ্ছে।”
খালেদার সঙ্গে বৈঠকে জোট নেতাদের মধ্যে এলডিপি সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু,বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
এর আগে রাত সোয়া ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০৩০ ঘ.
bdnews24