ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকার ‘একগুয়েমি’ করছে দাবি করে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
তিনি শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, “বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। সরকার একগুয়েমি নীতি থেকে সরে না এলে তা সরকারের জন্য ক্ষতির কারণ হতে পারে।”
“যদি গণতন্ত্র ব্যাহত হয়, তাহলে যারা সরকারে আছে তারাই ক্ষতিগ্রস্ত হবে,” যোগ করেন মওদুদ।
তিনি বলেন, বিএনপির দাবি করে আসা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এখন ‘গণদাবিতে’ পরিণত হয়েছে।
“মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি দুজনই ইঙ্গিত দিয়েছেন সমঝোতার, কিন্তু সরকারের প্রতিক্রিয়া হতাশাজনক। এ ধরনের একগুয়েমি সমর্থনযোগ্য নয়,” বলেন মওদুদ।
ফারাক্কা বাঁধ বরাবর লংমার্চের ৩৬ বছর উদযাপন উপলক্ষে ন্যাপ ভাসানী আয়োজিত ওই আলোচনা সভায় মওদুদ বলেন, দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ‘ব্যর্থ’ হয়েছে।
তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, “তিস্তা চুক্তির ব্যর্থতাই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় উদাহরণ। এই সরকার যতদিন থাকবে, ততদিন তিস্তা চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ আবার দিতে সরকারের পরিকল্পনার দিকে ইঙ্গিত করে মওদুদ বলেন, “বিভিন্ন উৎস থেকে পাওয়া সরকারের সংশ্লিষ্টদের বিপুল পরিমাণ অবৈধ টাকা সাদা করার জন্যই সরকার তা করতে চাচ্ছে।”
ন্যাপ সভাপতি জেবেল রাহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মুনশি আব্দুল মজিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নীলু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭২৪ ঘ.
bdnews24