২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিযোগপত্র হলেও গ্রেপ্তার হবেন না বিএনপি নেতারা’

গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলেও উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন বলে তাদের গ্রেপ্তারের শঙ্কা আপাতত নেই বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলেও উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন বলে তাদের গ্রেপ্তারের শঙ্কা আপাতত নেই বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। বৃহস্পতিবার অভিযোগপত্র দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির নেতাদের জামিন আবেদন নিয়ে হাই কোর্ট দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে। নিয়ম অনুসারে ওই আবেদন এখন প্রধান বিচারপতির দপ্তরে রয়েছে। তিনি এখন পর্যন্ত তৃতীয় বেঞ্চ গঠন করেননি। “তৃতীয় বেঞ্চ গঠন এবং সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না।” “আমার মনে হয় তারা যেভাবে আছেন, সেভাবেই থাকবেন। এটি আমার ব্যক্তিগত মত,” বলেন বার সভাপতি। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ ১৩ মে এ বিষয়ে আদেশ দেবেন। হরতালের এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। অন্যরা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করলে দ্বিধা বিভক্ত আদেশ দেয় একটি বেঞ্চ। দ্রুতবিচার আইনের এই মামলায় দ্রুতই অভিযোগপত্র হওয়ার আভাস থেকে বুধবারও হাই কোর্টের ওই বেঞ্চে গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করেন বিএনপি আইনজীবীরা। তবে ওই বেঞ্চ তাদের আশ্বস্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০০ ঘ.