ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার তার বাসায় যান ছাত্রদলের সাবেক নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে ফজলুল হক মিলন, হবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন ও নাজিম উদ্দিন আলম আদাবরে রিজভীর বাসায় গিয়ে তার স্ত্রী আরজুবান্দ বানু লাইলী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এর আগে বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীর বাসায় গিয়ে এ পরিবারের খোঁজ খবর নেন।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। ২৯ এপ্রিল রাতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ।
পরদিন ওই মামলায় রিজভীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিজভীর বাসা থেকে সাবেক ছাত্র নেতারা রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাকে দেখতে যান।
হরতালের মামলায় সাবেক মেয়র খোকাকেও আসামি করেছে তেজগাঁও ও শাহবাগ থানা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআরডি/জেকে/১৪১৩ ঘ.
bdnews24