২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিয়াসের অন্তর্ধান রাজনৈতিক’

“আমার স্বামীকে যারাই নিয়ে যাক- সরকারের তা জানা থাকতে হবে”- বলেছেন ইলিয়াসের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পর আবারো সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, রাজনৈতিক কারণেই নিখোঁজ হয়েছেন তার স্বামী। বুধবার সকালে রাজধানীর বনানীর বাসায় এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইলিয়াস আলী যেহেতু রাজনীতি করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে। অবশ্যই তিনি রাজনৈতিক কারণে নিখোঁজ হয়েছেন।” “আমার স্বামীকে যারাই নিয়ে যাক- সরকারের তা জানা থাকতে হবে”, যোগ করেন তিনি। ‘মানবতা রাজনীতির ঊর্ধ্বে- এটি বিবেচনায় রেখে ইলিয়াস আলির সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তাহসিনা। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। ওই এলাকা থেকেই তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ও র‌্যাব পূবাইল, ঢাকা ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালালেও সন্ধান মেলেনি এই বিএনপি নেতার। ইলিয়াসকে গুম করা হয়েছে- এমন অভিযোগে গত মাসে দুই দফায় পাঁচদিন সারা দেশে হরতাল করে বিএনপি। এরই মধ্যে তাহসিনা রুশদীর সংবাদ সম্মেলন করে জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী তার ওই অনুরোধে সাড়া দিলে গত ২ মে ছেলে-মেয়েদের নিয়ে গণভবনে যান ইলিয়াসের স্ত্রী। শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সেদিন তিনি বলেছিলেন, “তিনি আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমার স্বামীকে উদ্ধারে সর্বপ্রকার চেষ্টা করবেন।” এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তাহসিনা বুধবারের সংবাদ সম্মেলনে বলেন, “এক সপ্তাহ হয়ে গেলে প্রধানমন্ত্রীর সেই আশ্বাস নিয়ে আছি। কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন আশাহত হয়ে যাচ্ছি।” এরপরও সরকার একটি ভালো খবর দেবে- এমন আশা করছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহসিনা। “প্রধানমন্ত্রী আমাকে বোন ডেকেছেন। তার ওপর আমার পুরোপুরি আস্থা আছে”, বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখন আর তার সাথে যোগাযোগ করেন না অভিযোগ করে ইলিয়াসের স্ত্রী বলেন, “কী অদৃশ্য কারণে সরকার পক্ষকে নিশ্চুপ থাকতে হচ্ছে জানি না।” তিনি বলেন, ঘটনার দিন হোটেল রূপসী বাংলা থেকে মহাখালী গিয়ে নিখোঁজ হন ইলিয়াস। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে পুলিশের ক্লোজড সার্কিট ক্যমেরা রয়েছে। সেই দিনের ভিডিও ফুটেজ ভালোভাবে পরীক্ষা করার দাবি জানান লুনা। তবে ইলিয়াস আলী যে সেই রাতে রূপসী বাংলা হোটেলে যাবেন- তা জানতেন না বলে সাংবাদিকদের কাছে দাবি করেন তাহসিনা। বিএনপির হরতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুনা বলেন, এটি দলের ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। ইলিয়াসের ভাই আজকির আলী এই সংবাদ সম্মেলনে তাহসিনার পাশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৩০৫ ঘ.