ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সংঘর্ষের পথ’ পরিহার করে সরকারকে ‘সমঝোতায়’ আসার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার সকালে এক মানবন্ধন কর্মসূচিতে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সংঘর্ষের পথ এড়াতে হলে অবশ্যই আপনাদের সমঝোতার পথে আসতে হবে। আমরা সংঘর্ষ চাই না। তবে এই সমঝোতার উদ্যোগ সরকারকেই নিতে হবে।”
“তবে নিখোঁজ এম ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে- প্রধানমন্ত্রীকে এই ঘোষণাও দিতে হবে। নইলে রাজপথের আন্দোলন চলবেই”, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
হরতালের মামলায় আদালত বিএনপি নেতাদের জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিলেও হাইকোর্ট হয়রানি না করার যে নির্দেশনা দিয়েছে তাকে ‘প্রাথমিক বিজয়’ বলে অভিহিত করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
তিনি বলেন, “এটা আমাদের প্রাথমিক বিজয়। আইনি লড়াইয়ে মাধ্যমে এই মামলা আমরা মোকাবিলা করব।”
এক সপ্তাহ ‘আত্মগোপনে’ থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতারা সোমবার হাইকোর্টে গিয়ে হরতালের দুটি মামলায় জামিন চাইলে আদালত বিভক্ত আদেশ দেয়।
তবে হাইকোর্ট তাদের হয়রানি না করার নির্দেশ দেওয়ায় এক সপ্তাহ পর সোমবারই প্রথম তাদের প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মতিঝিল ও রামপুরা থানা জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মওদুদ বলেন, “সরকার আন্দোলনকে স্তব্ধ করতে আমাদের নেতাদের বিরুদ্ধেমিথ্যা মামলা দিয়েছে। কিন্তু এভাবে আন্দোলন বন্ধ হবে না। কারণ এই আন্দোলন এখন বিএনপির হাতে নেই। জনগণের কাছে চলে গেছে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের প্রসঙ্গে টেনে মওদুদ দাবি করেন, “বিদেশি কূটনীতিকরাও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ যদি সমোঝাতা চায়, তাহলে সংবিধান সংশোধন করে সমোঝাতার পথ পরিষ্কার করতে হবে।”
বাংলাদেশে দুই দিনের সফরে এসে হিলারি ক্লিনটন গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানান।
রামপুরা থানা জিয়া পরিষদের সভাপতি নুরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ, অধ্যাপক শফিকুল ইসলাম বক্তব্য দেন।
এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল- মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান প্রাক্তণ ছাত্রদল ফোরাম ও দেশপ্রেমিক যুব শক্তির আলাদাভাবে মানববন্ধন করে।
বিএনপির রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আহমেদ আজম খান, মশিউর রহমান, নাজিমউদ্দিন আলম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এসব মানববন্ধনে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৪ ঘ.
bdnews24