ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় হয়রানি না করতে পুলিশকে উচ্চ আদালতের নির্দেশের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে সোমবার রাতে তার গুলশানের কার্যালয়ে যান ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন খালেদা জিয়া।
ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের সঙ্গে ছিলেন আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিমউদ্দিন আলম, আবদুস সালাম, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকনও গুলশানের কার্যালয়ে ছিলেন।
হরতালের মামলায় আসামি হয়ে আত্মগোপনে যাওয়া ফখরুলসহ বিএনপি নেতারা সকালে জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যান। তাতে একটি বিভক্ত আদেশ হলেও তাদের হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।
গত ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানো এবং বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ফখরুলসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা করে। এরপর বাসায় পুলিশি অভিযান হলে আত্মগোপনে যান ফখরুল, যা ‘কৌশল’ বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
হাই কোর্টে জামিনের আবেদনের পর বিকালে দলীয় কার্যালয়ে যান ফখরুলসহ নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩১ ঘ.
bdnews24